July 20, 2026
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
শিল্পের চাহিদা কমায় ২০২৫-২৬ অর্থবছরে আমদানি প্রবৃদ্ধি প্রায় স্থবির
অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলোর আর্থিক সংকটের কারণে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানি চাহিদা কম থাকায় সদ্য সমাপ্ত অর্থবছরে বাংলাদেশের আমদানি দায় পরিশোধ বা ইমপোর্ট সেটেলমেন্ট প্রায় স্থবির ছিল। এ সময়ে আগের অর্থবছরের তুলনায় আমদানি দায় পরিশোধ মাত্র শূন্য দশমিক ০৯ শতাংশ বেড়ে ৭০ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। রপ্তানিকারকদের মতে, যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক, ইউরোপের বাজারে তীব্র প্রতিযোগিতা, বৈশ্বিক চাহিদার মন্দা এবং জাতীয় নির্বাচনের আগে ক্রয়াদেশ কমে যাওয়ায় রপ্তানি প্রবৃদ্ধি দুর্বল হয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, উচ্চ সুদের হার, জ্বালানি সংকট ও লজিস্টিকস ব্যবস্থার প্রতিবন্ধকতা দেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি সতর্ক করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারত ও ভিয়েতনামের মতো দেশের মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের রপ্তানিকারকদের ওপর বাড়তি চাপ তৈরি করবে। তবে দেশের অভ্যন্তরীণ প্রতিবন্ধকতাগুলো দূর করা গেলে রপ্তানি আবার ঘুরে দাঁড়াবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলা নিউজ২৪
আইনবিষয়ক অদক্ষতায় রাজস্ব হারাচ্ছে এনবিআর
মাঠপর্যায়ের রাজস্ব কর্মকর্তাদের আইনি অদূরদর্শিতা, পদ্ধতিগত ত্রুটি এবং উচ্চ আদালতে সঠিক সময়ে তথ্য জোগাতে ব্যর্থতার কারণে বড় অঙ্কের রাজস্ব হাতছাড়া হচ্ছে এনবিআর। এ ধরনের মামলা দিয়ে হয়রানি করা এনবিআরের মাঠপর্যায়ের কর্মকর্তাদের ইচ্ছাকৃত কাজ বলে মন্তব্য করেন বিজিএমইএ সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী। তিনি বাংলানিউজকে বলেন, ‘সাধারণত আইনের যে প্রয়োগ হওয়া উচিত, তারা তা সঠিকভাবে করে না। বরং আইনের অপব্যবহার করে। আর এই অপব্যবহারের উদ্দেশ্য হলো মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া, দুর্নীতি করা এবং অবৈধভাবে অর্থ আদায় করা।’ তৈরি পোশাক শিল্পের এই উদ্যোক্তা বলেন, ‘যখন কোনো সমঝোতা হয় না বা কাঙ্ক্ষিত সমঝোতা হয় না, তখনই এসব আইন অপব্যবহার করে মানুষকে হয়রানি করা হয়। অধিকাংশ মামলাই হয়রানিমূলক। প্রকৃত বা যৌক্তিক মামলার সংখ্যা হাতে গোনা দু-একটির বেশি পাওয়া যাবে না।’ তিনি বলেন, ‘যদি কোনো প্রকৃত মামলা হয়, তাহলে আমরা তার পক্ষে আছি। আমরা ব্যবসায়ী সমাজও চাই দেশের মানুষ যথাযথভাবে আয়কর ও শুল্ক পরিশোধ করুক। কিন্তু সেটির জন্য যে পরিবেশ প্রয়োজন, তা নিশ্চিত করতে হবে। যিনি রাজস্ব সংগ্রহ করবেন, তার আচরণ, মানসিকতা ও দৃষ্টিভঙ্গি সঠিক হতে হবে। এসব ঠিক না থাকায় ব্যবসায়ী ও করদাতারা বিভিন্ন সময়ে নানা সমস্যার মুখোমুখি হন।’
বাংলাদেশ প্রতিদিন
ইউরোপে পোশাক রপ্তানি ৪৪ শতাংশ কমার শঙ্কা : র্যাপিডের গবেষণা
র্যাপিডের তথ্য অনুযায়ী, ইউরোপে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৯০ শতাংশই নিট ও ওভেন তৈরি পোশাক। বিপরীতে ভারত ও ভিয়েতনামের রপ্তানি পণ্যের বৈচিত্র্য অনেক বেশি। দেশ দুটির মোট রপ্তানিতে তৈরি পোশাকের অংশ মাত্র ৬ থেকে ৮ শতাংশ। বাংলাদেশের শীর্ষ ১৫টি তুলাভিত্তিক পোশাক পণ্য ইউরোপের সংশ্লিষ্ট আমদানির এক-তৃতীয়াংশেরও বেশি দখল করে আছে। ম্যান-মেড ফাইবারভিত্তিক পোশাক রপ্তানিতে বাংলাদেশকে বিশেষ করে ভিয়েতনামের তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে। তবে কঠোর উৎস-নিয়মের কারণে চীনা কাপড়ের ওপর নির্ভরশীল ভিয়েতনামও কিছু চ্যালেঞ্জের মুখে পড়বে। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সমন্বিত সরবরাহ ব্যবস্থা, উৎপাদন ব্যয়ে প্রতিযোগিতামূলক সুবিধা এবং পণ্যের বৈচিত্র্যের কারণে ভারত থেকে বৈশ্বিক ক্রেতাদের ক্রয় বাড়ছে।
দেশ রুপান্তর
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রাক্কালে বাংলাদেশের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা জোরদারে পাঁচ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তাই বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতাধীন এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্কের (ইআইএফ) তৃতীয় পর্যায়ের জন্য প্রণীত কান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্ট (সিপিডি) বাস্তবায়নের মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত রবিবার (১৯ জুলাই) সিপিডি ভ্যালিডেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব আতাউর রহমান খান এসব কথা বলেন।
যুগান্তর
সংযোগ ফি দিয়ে অপেক্ষায় ৫৫০ শিল্পপ্রতিষ্ঠান : গ্যাসের নতুন সংযোগ বন্ধ বিপদে শিল্পমালিকরা
হঠাৎ করে দেশের সব ধরনের শিল্পকারখানায় গ্যাসের নতুন সংযোগ বন্ধ করেছে সরকার। গত সপ্তাহে জ্বালানি বিভাগ থেকে চিঠি দিয়ে দেশের সব বিতরণ কোম্পানিকে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, দেশের গ্যাস ফিল্ডগুলোতে উৎপাদন কমছে। অন্যদিকে, দুটি ভাসমান এলএনজি টার্মিনালের সীমাবদ্ধতা আছে। এসব কারণে শিল্পে নতুন করে গ্যাস সংযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে না বলে চিঠিতে বলা হয়। সরকারের এ সিদ্ধান্তের ফলে চরম উৎকণ্ঠায় পড়েছেন শিল্পমালিকরা-বিশেষ করে যারা ডিমান্ড নোটের টাকা জমা দিয়ে গ্যাস সংযোগের জন্য অপেক্ষা করছেন।
খবরের কাগজ
বিশ্বকাপ ঘিরে দেশ-বিদেশে রমরমা বাণিজ্য
বিশ্বকাপ ফুটবল এখন বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ব্যবসাগুলোর একটি। এর মাধ্যমে এবার টিকিট বিক্রি, সম্প্রচার স্বত্ব এবং বিশাল অঙ্কের বিজ্ঞাপনের বাণিজ্য হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। এবার ফিফা বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার আয় করেছে বলে দ্য গার্ডিয়ানের সংবাদে বলা হয়েছে। অন্যদিকে বাংলাদেশেও বিশ্বকাপ ঘিরে বড় অঙ্কের বাণিজ্য হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।